বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে দুদিনব্যাপী অনুষ্ঠানে প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও এস এম সুলতান মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এসএম সুলতান কমপ্লেক্সের শিশুস্বর্গে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশগ্রহণ করে।
শিশুদের ছবিতে বাংলাদেশের পতাকা, ফুল-ফল,প্রকৃতি, বাংলার গ্রামীণ জীবন ও পরিবেশ, নৌকাবাইচ ছাড়াও বিভিন্ন বিষয় শিশুদের রংতুলিতে উঠে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, এস এম সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদসহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুলতান প্রেমীরা উপস্থিত ছিলেন।
১০ অক্টোবর (শনিবার) বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিনব্যাপী অনুষ্ঠান শেষ হবে।