দীর্ঘ প্রতীক্ষার অবসান, খুলল যমুনা রেলসেতু

দুপুর সোয়া ১২টায় সেতুতে আনুষ্ঠানিকভাবে প্রথম ট্রেন ওঠে। মাত্র সাড়ে তিন মিনিটে সেতু পার হয়ে সিরাজগঞ্জ অংশে পৌঁছায় ট্রেনটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিদিন এ সেতু দিয়ে ৩০টি আন্তনগর ও ২টি কমিউটার ট্রেন চলাচল করবে।

দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে পূর্ব পাশে ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় ফলক উন্মোচন, ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুল ইসলাম সেতুর উদ্বোধন করেন।

এরপর সোয়া ১২টায় সেতুতে আনুষ্ঠানিকভাবে প্রথম ট্রেন ওঠে। মাত্র সাড়ে তিন মিনিটে সেতু পার হয়ে সিরাজগঞ্জ অংশে পৌঁছায় ট্রেনটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিদিন এ সেতু দিয়ে ৩০টি আন্তনগর ও ২টি কমিউটার ট্রেন চলাচল করবে।

রেলওয়ের মহাপরিচালক এম আফজাল হোসেনের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়াবিষয়ক মহা-পরিচালক ইতো তেরুয়ুকি। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান।

উদ্বোধন শেষে ট্রেনের অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সেতু পার হয়ে সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তে সায়দাবাদ রেলওয়ে স্টেশনে যান। সেখানে সংবাদ সম্মেলন শেষে আবার পূর্ব ইব্রাহিমাবাদে ফেরেন।

গত ১২ ফেব্রুয়ারি রাজশাহী থেকে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন প্রথমবারের মতো যাত্রী নিয়ে যমুনা রেল সেতু পার হয়ে ঢাকায় পৌঁছায়। পরীক্ষামূলকভাবে চালানোর সময় ট্রেনটিত গতি ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। এতে সেতু পাড়ি দিতে এর সময় লেগেছিল প্রায় সাড়ে ৩ মিনিট।

আরও