সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা নেয়া হবে। ৭-১৪ জুন পর্যন্ত নেয়া হবে এসএসসির ব্যবহারিক পরীক্ষা। গতকাল পরীক্ষার সূচি অনুমোদন করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরপর সেটি প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরুর ঘোষণা গত ১৪ মে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পরীক্ষার প্রস্তাবিত সূচিও প্রকাশ হয়। এ নিয়ে তখন আলোচনা-সমালোচনা শুরু হয় শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। তবে গত ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন, অংশীজনরা চাইলে ৭ জানুয়ারি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত থেকে সরে এসে এ পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে। সে আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে রমজান মাস ও ঈদুল ফিতরের পর ১৪ মার্চ এ পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিল শিক্ষা প্রশাসন।
এবার যারা এসএসসি দেবে, তারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছে আওয়ামী লীগ সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রমে। আর নবম-দশম শ্রেণীতে পড়েছে ২০১০ সালের পরিমার্জিত শিক্ষাক্রম।
এর মধ্যে সাবেক অন্তর্বর্তী সরকারের সময় নবম শ্রেণীতে তারা দেরিতে বই পেয়েছে। ফলে আগেরবারের মতো এপ্রিলে পরীক্ষায় বসার প্রস্তুতিতে ছিল তারা। মূলত এমন অবস্থায় পরীক্ষা জানুয়ারিতে এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়ার কারণেই আলোচনা-সমালোচনা শুরু হয়।
একসময় ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান এবং এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা হতো। কভিড-১৯ মহামারী ও জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষাপঞ্জি ওলটপালট হয়ে যাওয়ার পর চলতি বছর এপ্রিলে এসএসসি ও সমমান পরীক্ষা নেয়া হয়; জুলাইয়ে নেয়া হয় এইচএসসি ও সমমান পরীক্ষা।