সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার চেয়ে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে লিখিত অভিযোগ জমা দেয়া হয়েছে। রুনির ভাই নওশের আলম রোমান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে গতকাল এ অভিযোগ দাখিল করেন। অভিযোগটি কমপ্লেইন রেজিস্টারভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যথাযথ তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়ার আবেদন করা হয়েছে।
এতে বলা হয়, সাগর-রুনির পরিবারের সদস্যরা চান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী ও দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধিক্ষেত্রে পড়ে কিনা সেটা আমার যাচাই-বাছাই করে দেখব। আর এখানকার কোনো তদন্তে যদি সাগর-রুনির কোনো বিষয়ে তথ্যপ্রমাণ বা কোনো কানেকশন পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট তদন্ত সংস্থাকে সরবরাহ করব।’
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন।