আধিপত্য বিস্তার

শরীয়তপুরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

আজ সকাল ৮টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজ শনিবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাজিরার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রায় চার বছর আগে ইউনিয়নের চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন তারা। সে সময় এ বিরোধ আরো তীব্র হয়।

গত ৫ আগস্টের পর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনা নিয়ে আজ সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের সমর্থকরা। এ সময় অন্তত শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, স্থানীয় একটি খোলা মাঠে উভয় পক্ষের লোক মুখোমুখি অবস্থান নিয়েছেন। সেখানে অনেকের হাতে বালতি ও মাথায় হেলমেট। বালতি থেকে হাতবোমা নিয়ে নিক্ষেপ করছিলেন তারা। পরে সেগুলো মাঠের এখানে-সেখানে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করছিল।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বণিক বার্তাকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হতাহতের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

আরও