বাংলাদেশের দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও হুমায়ুন কবিরের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। এ সময় দুই প্রতিমন্ত্রী বাংলাদেশের জন্য জ্বালানি ও সার খাতে সহযোগিতা কামনা করেছেন।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনরায় ব্যক্ত করে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সুগভীর করার উপায় নিয়ে আলোচনা করে।
শামা ওবায়েদ আলজেরীয় দূতকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ অন্বেষণ করার অনুরোধ জানান এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার জন্য এর গুরুত্ব তুলে ধরেন। সাক্ষাতে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, কৃষি, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
তিনি বাংলাদেশের খাদ্যনিরাপত্তায় সহায়তার জন্য সার খাতে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি জলবায়ু বিষয়ে আরো জোরালো সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশ ও আলজেরিয়া উভয় দেশই বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাবের মুখোমুখি হচ্ছে।’
শামা ওবায়েদ আলজেরীয় বাজারে পরিবেশবান্ধব ও পচনশীল বাংলাদেশী পাট ও পাটজাত পণ্যের রফতানি বাড়ানোর ওপর জোর দেন। প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের সঙ্গে যোগাযোগ জোরদার এবং খেলাধুলা ও সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা সুগভীর করার গুরুত্ব তুলে ধরেন। সাইদানি জ্বালানি, ওষুধ, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আলজেরিয়ার আগ্রহ প্রকাশ করেন।
জ্বালানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে সার খাতে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছেন হুমায়ুন কবির। বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় করে। উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, কৃষি, জাহাজ নির্মাণ এবং আলজেরিয়ার জনগণের সঙ্গে বাংলাদেশীদের সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করেন। হুমায়ুন কবির দুই দেশের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন এবং দুই দেশের অংশীদারত্বকে আরো সুগভীর করতে উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে হুমায়ুন কবিরের প্রথম সৌজন্য সাক্ষাতের সময় বিষয়টি উঠে আসে। এ সময় বাণিজ্য, জলবায়ু, জ্বালানি ও কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার উপায় নিয়ে আলোচনার পাশাপাশি, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশন চলাকালে উচ্চ পর্যায়ের আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ও কানাডা।