রমজানে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ছোলা ও ডালের আমদানির অনুমতি দিয়েছে সরকার। এতে রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, রমজানে সাধারণ সময়ের তুলনায় খাদ্যপণ্যের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। বিশেষ করে ছোলা ও বিভিন্ন ডালের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। এ পরিস্থিতি বিবেচনায় পর্যাপ্ত আমদানির অনুমোদন দেয়া হয়েছে, যাতে বাজারে কোনো ঘাটতি বা অস্থিতিশীলতা তৈরি না হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বন্দর দিয়ে মোট ১ হাজার ৫২৬ টন ছোলা, ১ হাজার ৬০০ টন মসুর ডাল এবং ২০০ টন মাষকলাই আমদানির অনুমতি পেয়েছেন আমদানিকারকরা। ফেব্রুয়ারি মাসেই এসব খাদ্যপণ্য দেশে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।