প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল শুরু ২৬ সেপ্টেম্বর

২৬ সেপ্টেম্বর রংপুর অঞ্চল দিয়ে আঞ্চলিক পর্ব শুরু হবে। এরপর পর্যায়ক্রমে রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা অঞ্চলের খেলা অনুষ্ঠিত হবে।

লাল-সবুজের জার্সি গায়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে প্রতিদিন গ্রাম কিংবা মফস্বলের অলিগলিতে ফুটবল পায়ে দৌড়াচ্ছে অসংখ্য কিশোরী। উদীয়মান এসব নারী ফুটবলারের স্বপ্নকে বাস্তব রূপ দিতে এবং দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন নতুন প্রতিভা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা করতে যাচ্ছে ‘প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।

গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কিত এসব তথ্য তুলে ধরা হয়। দেশের স্বনামধন্য নারী ফুটবলার ও নারী ফুটবলের সংগঠকরা এতে অংশ নেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নিবন্ধিত ৩৬টি নারী ফুটবল একাডেমি নিয়ে আয়োজিত এ টুর্নামেন্ট প্রথমবারের মতো দেশের ছয়টি আঞ্চলিক জোনে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনের সমাপনী পর্বে একটি র‍্যাফল ড্রর মাধ্যমে অংশগ্রহণকারী দলগুলোকে তাদের গ্রুপ পর্বের স্লটে ভাগ করা হয়।

আঞ্চলিক পর্বে ঢাকার আটটি, খুলনার সাতটি, চট্টগ্রামের ছয়টি, সিলেটের ছয়টি, রংপুরের পাঁচটি এবং রাজশাহী অঞ্চলের চারটি একাডেমি অংশ নেবে। ছয়টি অঞ্চলে গ্রুপ পর্বে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আঞ্চলিক পর্বের সেরা আটটি দল নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ নকআউট পর্বের আরো সাতটি ম্যাচ। সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে মোট ৩৫টি ম্যাচ খেলা হবে।

২৬ সেপ্টেম্বর রংপুর অঞ্চল দিয়ে আঞ্চলিক পর্ব শুরু হবে। এরপর পর্যায়ক্রমে রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা অঞ্চলের খেলা অনুষ্ঠিত হবে। রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের পর ৩০ সেপ্টেম্বর রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে হবে দ্বিতীয় পর্ব। খুলনা জেলা স্টেডিয়ামে ৪ ও ৫ অক্টোবর, সিলেট জেলা স্টেডিয়ামে ৮ ও ৯ অক্টোবর (সম্ভাব্য), চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ১২ ও ১৩ অক্টোবর (সম্ভাব্য) এবং শেষ পর্যন্ত ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ২৫ ও ২৬ অক্টোবর (সম্ভাব্য) অনুষ্ঠিত হবে আঞ্চলিক পর্বের ম্যাচগুলো।

ছয় অঞ্চল থেকে উঠে আসা আটটি দল নিয়ে অক্টোবরের চতুর্থ সপ্তাহে ঢাকায় হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। পুরো আয়োজনের সহযোগিতায় রয়েছে বাফুফে।

আয়োজকরা জানান, এ টুর্নামেন্টের লক্ষ্য নারী ফুটবলের বিকাশে একটি শক্তিশালী প্লাটফর্ম তৈরি করা। নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে আসার সুযোগ সৃষ্টি হবে, আঞ্চলিক পর্যায় থেকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা ও দক্ষতা বাড়বে।

অনুষ্ঠানে নারী ফুটবলের উদীয়মান তারকা ও অনূর্ধ্ব-১৯ সাফে ৭ গোল করা সেরা খেলোয়াড় আলপি আক্তার, নারী টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কামরুন নাহার ডানা, স্টার নিউজের সিইও মোকছেদুল কামাল, প্রথম আলোর আয়োজকদের পক্ষে ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র, ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এমআর কবির ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ বক্তব্য রাখেন।

এতে উপস্থিত ছিলেন কমিটির সদস্য-সাফজয়ী নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন, নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন ও ডালিয়া আক্তার, সাবেক নারী ফুটবলার খুরশিদা খাতুন খুশি, নারী ফুটবল সংগঠক নাসরিন আক্তার বেবী, বাফুফের নারী ফুটবল কোচ মাহমুদা আক্তার অনন্যা, বাফুফের নারী ম্যাচ কমিশনার নাহিদা আহমেদ ইতু, সাবেক ফিফা রেফারি ও বাফুফের হেড অব রেফারিজ মো. আজাদ রহমান, বাফুফের নারী একাডেমির সমন্বয়কারী মাহবুবুল আলম পোলো, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় জাহিদ হাসান এমিলি, মামুনুল ইসলাম প্রমুখ।

আরও