জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কারখানাটি পরিদর্শনে যান তিনি। এ সময় টয়োটার প্রথম প্রাইভেট কারটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান। তিনি জানান, কারখানায় এসে পৌঁছানোর পর টয়োটা কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে গাড়িটিতে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৯৩৫ সালে টয়োটা পরিবারের প্রথম গাড়ির প্রোটোটাইপ ‘টয়োটা মডেল এ-ওয়ান’ তৈরি হয় এবং এর ধারাবাহিকতায় ১৯৩৬ সালে টয়োটার প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি ‘টয়োটা মডেল এএ’ নির্মিত হয়। বর্তমানে জাপানের টয়োটা সংগ্রহশালায় গাড়িটির প্রতিরূপ সংরক্ষিত রয়েছে।
গতকাল স্থানীয় সময় দুপুর ১২টার দিকে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন।
পরিদর্শনকালে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ অন্যরা।