দেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়ন

৩৭৯ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা আইডিএর অর্থায়নের আওতায় বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে একটি ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকাস্থ বিশ্বব্যাংক অফিসের ডিভিশন ডিরেক্টর জেসম জ্যঁ পেম ঋণও অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।

গতকাল অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, বিশ্বব্যাংক বাংলাদেশকে মোট ২৮৪ দশমিক ৭০ মিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটস, যা সমপরিমাণ ৩৭৯ মিলিয়ন ডলার ঋণসহায়তা প্রদান করবে। পাশাপাশি গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি থেকে ২৫ মিলিয়ন ডলার অনুদানসহায়তা প্রদান করা হবে। উক্ত অর্থায়নের আওতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৯ মেয়াদে নিম্নোক্ত দুটি প্রকল্প বাস্তবায়ন হবে।

প্রকল্পগুলো হলো স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা উন্নয়ন এবং ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ফলাফলভিত্তিক জলবায়ু সংবেদনশীল প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা পরিষেবা উন্নয়ন এবং ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প।

প্রকল্প দুটির প্রধান উদ্দেশ্য, সারা দেশে বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বাস্থ্য ও পুষ্টি সেবার মান ও প্রাপ্যতা নিশ্চিতকরণের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাপনার সক্ষমতা ও স্থিতিশীলতা জোরদার করে স্বাস্থ্যসেবা প্রদানের কার্যকারিতা ও সুযোগ বৃদ্ধি করা এবং প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা সেবার গুণগত সম্প্রসারণ, দক্ষতা ও সমতা বৃদ্ধির জন্য জলবায়ু সহনশীল ব্যবস্থা ও পরিচালন কাঠামোকে শক্তিশালী করা।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আলোচ্য প্রকল্প দুটির জন্য ২৮৪ দশমিক ৭০ মিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটস, যা সমপরিমাণ ৩৭৯ মিলিয়ন ডলার ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ৩০ বছরে পরিশোধযোগ্য হবে। ঋণের উত্তোলিত অর্থের ওপর বার্ষিক শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং ১ দশমিক ২৫ শতাংশ হারে সুদ প্রযোজ্য হবে।

আরও