২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের খুঁটিনাটি নিয়ে গণমাধ্যমকর্মীদের জিজ্ঞাসার উত্তর দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী মিলনায়তনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টার সঙ্গে রয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আহসান এইচ মনসুর, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
গতকাল সোমবার আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয়ের পরিমাণ বা আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি জিডিপি’র ১২ দশমিক ৭ শতাংশ।
চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় টাকার অংকে বাজেটের আকার কমছে ৭ হাজার কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।