ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। পরে তাদের বয়স ও সামাজিক পরিস্থিতি বিবেচনা করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছাড় দেয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম।
পুলিশ জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিমের নির্দেশনায় পুনিয়াউট, দাতিয়ারা, রেলস্টেশন, অবকাশ পার্ক, কান্দিপাড়া, টেংকের পাড় ও মেড্ডাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ঠেকানো, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখাই ছিল এ অভিযানের উদ্দেশ্য।
পুলিশের ভাষ্য, আটক ৪২ কিশোরের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য ও অভিযোগ রয়েছে। তবে তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং অভিভাবকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়। ভবিষ্যতে কোনো ধরনের অপরাধে জড়িত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও অভিভাবকদের সতর্ক করা হয়েছে।
পুলিশ ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর শহরের শেখ হাসিনা সেতু, শিমরাইলকান্দি, পুনিয়াউট, দাতিয়ারা, মৌড়াইল রেলস্টেশন এলাকা, অবকাশ পার্ক, কান্দিপাড়া, মুক্তমঞ্চ এলাকা, মধ্যপাড়া-শান্তিবাগ, ফুলবাড়িয়া, বাগানবাড়ী, বডিংমাঠ, মুন্সেফপাড়া, বিরাসার বাসস্ট্যান্ড, টেংকের পাড়, কুমারশীল মোড় ও মেড্ডা বাজারসহ বিভিন্ন এলাকায় কিশোরদের আড্ডা দেয়ার প্রবণতা দেখা যায়। এসব এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম জানান, সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়া শহরেও কিশোর গ্যাংবিরোধী অভিযান চলছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পড়াশোনা ও প্রয়োজনীয় কাজ ছাড়া কিশোরদের অকারণে বাইরে আড্ডা দেয়া বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে অভিভাবকদের সতর্ক করা হয়েছে। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় অভিযান অব্যাহত থাকবে।
পাশাপাশি কিশোরদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি।