বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে আজ রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্যানুসারে, আজ শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় তিন নম্বরে অবস্থান করছে ঢাকা। ২৮৪ স্কোর নিয়ে ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাসের ক্যাটাগরিতে অবস্থান করছে রাজধানী শহর।
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার পরেই অবস্থান করছে ভারতের দুটি শহর— রাজধানী নয়াদিল্লি ও কলকাতা। ২৮২ স্কোর নিয়ে ঢাকার ঠিক পেছনেই দিল্লির অবস্থান। ২০১ স্কোর নিয়ে ঢাকা ও দিল্লির সঙ্গে ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাসের ক্যাটাগরিতে রয়েছে কলকাতা।
তালিকার চার, পাঁচ ও ছয় নম্বরে রয়েছে চীনের তিনটি শহর— চেংদু, চঙ্কিং ও উহান। তিনটি শহরের বাতাসই ‘অস্বাস্থ্যকর’।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।