বাংলাদেশীদের জন্য ভারতীয় ভিসা দ্রুতই স্বাভাবিক হবে —পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশী নাগরিকদের ভারতের ভিসা প্রদান কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে জাতীয় সংসদে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তিনি বলেন, ‘ভারত সফরের সময় সে দেশের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা প্রদান স্বাভাবিক করার জন্য ভারতকে আহ্বান জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগির এ বিষয়ে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।’

গতকাল জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতিতে প্রতিফলিত এবং তা অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সংযোগ ও জনগণের সঙ্গে জনগণের দৃঢ় সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান ও আস্থা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে।’

জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) চলমান মামলার রায় শিগগিরই আসবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। এ মামলায় মিয়ানমারের দায় নির্ধারণ, চলমান নিপীড়ন বন্ধ, ভুক্তভোগীদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের লক্ষ্যে পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়েছে। একাধিক রাষ্ট্রের অংশগ্রহণে লিখিত ও মৌখিক শুনানি সম্পন্নসহ মামলাটি এরই মধ্যে গুরুত্বপূর্ণ পর্যায়ে অগ্রসর হয়েছে।’

ইউএনএইচসিআরের সর্বশেষ (১৩ এপ্রিল) তথ্যমতে, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ১১ লাখ ৮৯ হাজার ২১৩ জন বলে পররাষ্ট্রমন্ত্রী সংসদে জানান।

আরও