মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের কবরস্থানের পাশের একটি বাঁশ বাগানে একটি সদ্যভূমিষ্ঠ কন্যা শিশু পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। কী কারণে, কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তা তদন্ত করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মটমুড়া গ্রামের কবরস্থানের পাশের বাঁশ বাগানে শিশুটিকে দেখতে পান স্থানীয় লোকজন। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাগানের মধ্যে পড়ে ছিল। পরে পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইনকিউবেটর সার্পোটের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সদস্যভূমিষ্ঠ শিশুটি সুস্থ্য রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গাংনী থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পিতা মাতার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানিয়েছেন, ‘শিশুটির প্রকৃত পিতা-মাতাকে পাওয়া না গেলে আইন অনুযায়ী আগ্রহীদের কাছে দত্তক দেয়া হবে। এরই মধ্যে আমরা কিছু আবেদনও পেয়েছি। এর মধ্য থেকে একজনকে বাছাই করা হতে পারে।’