জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য জানান জাকসু নির্বাচন কমিশনার রেজোয়ানা করিম স্নিগ্ধা।
প্রথম ধাপে নয়টি হলের ভোট গণনা হচ্ছে। হলগুলো হলো, বেগম সুফিয়া কামাল হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, মীর মশাররফ হোসেন হল, শহীদ সালাম-বরকত হল, নওয়াব ফয়জুন্নেসা হল, খালেদা জিয়া হল, শহীদ রফিক-জব্বার হল, তারামন বিবি হল ও জাহানারা ইমাম হল।
জানা গেছে, এদিন বিকাল ৫টার দিকে ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়। তবে বিজয়ীদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। পরে বিভিন্ন অনিয়ম-অসঙ্গতির অভিযোগ এনে নির্বাচন বর্জন করে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল।
জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে।