খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়ে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ক্যাম্পাসে সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। তবে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। দুপুরে প্রশাসনিক, একাডেমিকসহ সব ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। কিছু শিক্ষার্থীকে আবাসিক হল ছাড়তে দেখা গেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (নর্থ) মো. নাজমুল হাসান রাজীব জানান, সংঘর্ষের ঘটনায় গতরাতে ৫ জনকে আটক করা হয়েছিল। তবে এখনো কোনো মামলা হয়নি। ক্যাম্পাসের গেটে পুলিশ মোতায়েন রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, বুধবার বেলা একটা পর্যন্ত আমাদের আলটিমেটাম ছিল। প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের দাবিদাওয়া মেনে নেয়া হয়নি। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক, একাডেমিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছি।