ভারতে অনুপ্রবেশের সময় ২৪ বাংলাদেশী আটক, দুই মানব পাচারকারী গ্রেফতার

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দালাল চক্রের সহায়তায় ২৪ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দালাল চক্রের সহায়তায় ২৪ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে, তবে মূল হোতা এখনো পলাতক। এছাড়া পরিবহনের কাজে ব্যবহৃত চারটি সিএনজি ও চার চালককেও আটক করা হয়।

রোববার গভীর রাতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীন হলদীগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে গজারী বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে বিজিবির টহল দল চারটি সিএনজিতে থাকা ২৪ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে ভারতের চেন্নাই শহরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। বিজিবির তথ্যমতে, দালাল চক্রকে প্রতিজন প্রায় ৫ হাজার টাকা করে দিয়েছিলেন ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে।

মানব পাচারকারী চক্রের প্রধান হোতা মহিদুল ইসলাম (৩০) পলাতক রয়েছেন। গ্রেফতার দুই সদস্য হলেন মিলন হক (৩৫) ও মজনু মিয়া (৩৬)। অভিযানে চারটি সিএনজি, ১৪টি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, একটি হাতঘড়ি এবং নগদ ৫৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, গ্রেফতার দুই মানব পাচারকারীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পাসপোর্ট ছাড়া ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আটক ২৪ বাংলাদেশী ও চার সিএনজি অটোরিকশা চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও