বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) নাম পাল্টে স্ট্যাটিস্টিকস বাংলাদেশ করার প্রস্তাব দিয়েছে বিবিএস শক্তিশালীকরণ সংক্রান্ত স্বাধীন টাস্কফোর্স। একই সঙ্গে সংস্থাটির প্রধান হিসেবে পরিসংখ্যানবিদ এবং অন্যান্য পদ-পদবিতেও পরিবর্তন আনার কথা বলা হয়েছে। সারা বছর পরিসংখ্যান সংস্থান তদারকিতে থাকবে একটি কাউন্সিল।
গতকাল পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে টাস্কফোর্সের খসড়া তুলে দেন টাস্কফোর্স কমিটির সদস্যরা।
পরিকল্পনা উপদেষ্টার কাছে জমা দেয়া প্রতিবেদনে বিবিএসের নাম পরিবর্তন করে স্ট্যাটিস্টিকস বাংলাদেশ (স্ট্যাটবিডি) রাখা এবং এর প্রধানের পদকে প্রধান পরিসংখ্যানবিদ হিসেবে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে, যা একটি বিশেষ স্কেল পদ, যা স্বাধীনতা ও পেশাদারত্বের নতুন যুগের ইঙ্গিত দেয়। একটি কেন্দ্রীয় সুপারিশ হলো ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি কাউন্সিল অব স্ট্যাটিস্টিকস (টিটিসিএস) তৈরি করা। একটি উচ্চ স্তরের সাত সদস্যের সংস্থা, যা প্রাতিষ্ঠানিক তত্ত্বাবধান প্রদান করবে, বার্ষিক কর্মক্ষমতা এবং ব্যয় নিরীক্ষা পর্যালোচনা করবে এবং প্রধান পরিসংখ্যানবিদ নির্বাচন প্রক্রিয়া তত্ত্বাবধান করবে। এ কাউন্সিলের নেতৃত্বে থাকবেন পরিকল্পনা উপদেষ্টা।
বিবিএস শক্তিশালীকরণ সংক্রান্ত স্বাধীন টাস্কফোর্সে সভাপতি ছিলেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। অন্য সদস্যরা হলেন—বিবিএসের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, রÅাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক, আইএসআরটির অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মইনুল ইসলাম, অধ্যাপক ড. আতনু রব্বানী এবং বিআইডিএসের গবেষণা পরিচালক ড. মোহাম্মদ ইউনূস।