দেশজুড়ে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এ কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদনেও গতি আসবে।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় কাইছাবাড়ি থেকে মনসুরপুর হাজির ব্রিজ হয়ে ইউছুফপুর রহমতখালী খাল পর্যন্ত পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
পানিসম্পদমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে জলাবদ্ধতা নিরসন ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে খাল খনন কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। প্রকৃতির বিরূপ প্রভাব মোকাবেলায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
তিনি আরো বলেন, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য পানি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাল পুনঃখননের মাধ্যমে শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করা যাবে। পাশাপাশি বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের ফলে জলাবদ্ধতা কমবে।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এবং বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।