রোববার থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

বন্দর কর্তৃপক্ষ বরাবরই জানিয়ে আসছে কোনো চুক্তি এখনো চূড়ান্ত হয়নি আর সরকার দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না। তবে শ্রমিকরা বলছেন, চুক্তি বাতিল, বদলি আদেশ প্রত্যাহার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদক্ষেপের বিরুদ্ধে ন্যায্য ব্যবস্থা না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে।

চট্টগ্রাম বন্দরের টানা অচলাবস্থা কাটিয়ে সাময়িক কার্যক্রম শুরু হলেও আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালুর ঘোষণা দিয়েছে শ্রমিক-কর্মচারীরা। নৌপরিবহন মন্ত্রণালয়, বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর পদক্ষেপ ও প্রতিক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় আন্দোলনের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন জানান, পূর্বে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে শ্রমিক-কর্মচারীদের বৈঠকের পর সাময়িকভাবে কর্মবিরতি স্থগিত করা হয়েছিল। বৈঠকে দাবি পূরণে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছিলেন উপদেষ্টা। সেইসঙ্গে রমজান ও ব্যবসায়িক ক্ষতি বিবেচনায় নিয়ে বিরতি দেয়া হয়েছিল। কিন্তু আলোচনার প্রায় একই দিনে প্রশাসনিক পক্ষ দমনমূলক সিদ্ধান্ত নিয়েছে।

খোকন বলেন, কর্মসূচি স্থগিত করার পরই ১৫ জন কর্মচারীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আর সম্পদ তদন্তের ব্যবস্থা নিতে যথাযথ সংস্থাগুলোকে চিঠি পাঠানো হয়েছে। যা শ্রমিকদের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করছে। এ পদক্ষেপ সরকারি আশ্বাসের পরিপন্থী যা আলোচনাকে ব্যাহত করছে।

এদিকে, বন্দর কর্তৃপক্ষ বরাবরই জানিয়ে আসছে কোনো চুক্তি এখনো চূড়ান্ত হয়নি আর সরকার দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না। তবে শ্রমিকরা বলছেন, চুক্তি বাতিল, বদলি আদেশ প্রত্যাহার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদক্ষেপের বিরুদ্ধে ন্যায্য ব্যবস্থা না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আরও