কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষিতে মধ্যভোগীদের নিয়ন্ত্রণ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। কৃষকরা যেন সরাসরি উপকৃত হতে পারেন, সেজন্য সরকার নানা উদ্যোগ নিচ্ছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লার মেদুলিয়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে মেদুলিয়া সমন্বিত কৃষক উন্নয়ন সংঘকে একটি মিনি কোল্ড স্টোরেজের চাবি হস্তান্তর করেন তিনি। পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কৃষি ও পরিবেশ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মধ্যভোগীরা কৃষি সিন্ডিকেট করে বড় বড় ভবনের মালিক হচ্ছেন, অথচ কৃষকরা কুড়ে ঘরে থাকছেন।
কৃষি অর্থনীতিকে স্থিতিশীল করতে ফারমারস মিনি কোল্ড স্টোরেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু ফসল সংরক্ষণ নয়। বরং কৃষকদের সরাসরি বাজার সুবিধা এনে দেবে। ভবিষ্যতে এ ধরনের কোল্ড স্টোরেজ আরো বাড়ানো হবে। প্রয়োজনে কৃষকেরা বাড়িতেই কম খরচে কোল্ড স্টোরেজ তৈরি করতে পারবেন, সরকার তাদের কারিগরি সহায়তা দেবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি মন্ত্রণালয় 'জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্প’ বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় সারাদেশে ১০০টি ফারমারস মিনি কোল্ড স্টোরেজ বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের নানা প্রশ্ন ও অভিযোগ তিনি শোনেন। খাল দখল, বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
কৃষিজমি রক্ষার বিষয়ে তিনি বলেন, শিগগিরই একটি কৃষি আইন প্রণয়ন করা হবে। এ আইন প্রণয়নের পর কৃষিজমি অন্য কাজে ব্যবহার করা যাবে না। তিনি জানান, রোডস অ্যান্ড হাইওয়ে কোনো জমি অধিগ্রহণ করলে জমির মালিককে তিনগুণ মূল্য দেয়, এলজিইডিকেও একইভাবে দিতে হবে। জমির উর্বর মাটি ইটভাটায় বিক্রি করা অনৈতিক। কারণ এতে উৎপাদন কমে যায়।
প্লাস্টিক ও পলিথিন ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যদি এগুলো ব্যবহার না করেন, তাহলে পাটজাত পণ্যের ব্যবহার বাড়বে। এ বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে আরো ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জের উপপরিচালক ড. রবীআহ নুর আহমেদ। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক কৃষক অংশ নেন।