সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের কারখানায় গত রোববার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতদের মধ্য থেকে ৪ জনের পরিবারকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর মাধ্যমে প্রীতি গ্রুপের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনটির সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম নিহত ৪ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেককে ৩ লাখ টাকা করে নগদ মোট ১২ লাখ টাকা প্রদান করেন।
দুর্ঘটনায় নিহতদের বাকিদের মরদেহ ডিএনএ’র মাধ্যমে শনাক্তের পর তাদের পরিবারদেরকে অনুরেূপভাবে আর্থিক সহায়তা দেয়া হবে। কেউ যদি চাকরি চায়, তার জন্য সে ব্যবস্থা করা হবে, বিজিএমইএ জানিয়েছে।
চেক হস্তান্তরকালে রেজোয়ান সেলিম বলেন, যেকোনো শিল্প দুর্ঘটনাই আমাদের জন্য অত্যন্ত বেদনার। প্রীতি গ্রুপের কারখানায় সংঘটিত এ আকস্মিক বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন, তাদের অপূরণীয় ক্ষতি কোনো আর্থিক মূল্যে শোধন করা সম্ভব নয়। তবে এ কঠিন ও সংকটাপন্ন মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের তাৎক্ষণিক দুর্দশা লাঘব করাকে বিজিএমইএ তার অন্যতম শীর্ষ অগ্রাধিকার মনে করে।
অনুষ্ঠানে প্রীতি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, উক্ত এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা এবং নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।