রাজবাড়ীর পাংশায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহারুল ইসলাম সাহা ওরফে শহর আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় কুষ্টিয়ার খোকসা উপজেলার বসুয়া গ্রামের মৃত লতিফ শেখের ছেলে আইনুদ্দিন শেখ (৭৫) নামের আরেকজন আহত হয়েছেন। গতকাল বিকালে পাংশার শিয়েলডাঙ্গী গ্রামে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহর আলী ওই গ্রামের শীতল মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী পাশের সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি ড্রাম ট্রাক এসে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে শহর আলীর মৃত্যু হয়। গুরুতর আহত হন আইনুদ্দিন। আশঙ্কাজনক অবস্থায় তাকে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় স্থানীয়রা ড্রাম ট্রাকটির চালককে আটক করে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ এসে ট্রাক জব্দ করে ও চালককে হেফাজতে নেয়।
এদিকে ঝিনাইদহের কোটচাঁদপুরের ডালিমপুর নামক স্থানে মাটি কাটা ট্রাক্টরের ধাক্কায় মাহমুদুল হাসান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় রবি নামের অন্য এক যুবক আহত হন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল যশোরের গদখালী এলাকার নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, মাহমুদুল হাসান ও রবি ঝিনাইদহের কালীগঞ্জে জাপান টোব্যাকো কোম্পানিতে চাকরি করেন। তারা কোটচাঁদপুরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে কোম্পানির টাকা কালেকশন করছিলেন। পথে তারা তালিনা হয়ে কোটচাঁদপুরের দিকে যাওয়ার সময় ডালিমপুর (বেলেমাঠপাড়া) নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি মাটি কাটা ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মাহমুদুল হাসানকে মৃত ঘোষণা করেন। আহত রবিকে কোটচাঁদপুরে প্রাথমিক চিকিৎসা নিয়ে যশোর হাসপাতালে নেয়া হয়েছে।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রমিজ উদ্দিন জানান, হাসপাতালে নিয়ে আসা মাহমুদুল হাসানকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। এখানে আসার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন।