সাতক্ষীরার সীমান্তবর্তী গ্রামে পাগলা মহিষের তাণ্ডবে দুই নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। গতকাল ভোরের দিকে জেলার দেবহাটা উপজেলার সীমান্ত গ্রাম বসন্তপুর ও নওয়াপাড়ায় একটি পাগলা মহিষ আকস্মিক আক্রমণ চালায়।
নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন বকুল জানান, জবাই করার উদ্দেশ্যে একটি মহিষকে দেবহাটা বাজারে নেয়ার সময় রশিতে টান পড়ে সেটি হাত থেকে ছুটে পালিয়ে যায়। পরে গ্রামবাসী মহিষটিকে আটকাতে গেলে এটি আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় একের পর এক পথচারী ও স্থানীয় লোকজনের ওপর এলোপাতাড়ি আক্রমণ চালায়। মহিষের এ আকস্মিক তাণ্ডবে পুরো এলাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।