হামের উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় তিন শিশু, সিলেটে একজন এবং চট্টগ্রামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

দেশে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময় ১ হাজার ৭৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ১৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন সন্দেহজনক ও নিশ্চিত রোগীর সংখ্যা ১ হাজার ২১৩।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় তিন শিশু, সিলেটে একজন এবং চট্টগ্রামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ৪৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৭ শিশু।

গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে মারা গেছে ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭০।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৭১২ জনের। সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।

আরও