সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ পর্যালোচনায় আজ সোমবার (১৬ জুন) প্রথম বৈঠকে বসছে এ সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটি। আজ বিকাল ৪টায় এ বৈঠক হবে বলে সচিবালয়ে সাংবাদিকদের জানান কমিটির আহ্বায়ক ও আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ পর্যালোচনা ও আন্দোলনরত সংগঠনসমূহের সঙ্গে আলাপ-আলোচনা করে সুপারিশ দিতে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলকে আহ্বায়ক করে গত ৪ জুন একটি কমিটি গঠন করে সরকার।
এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আইনটি প্রণয়নের সময় আমি বিদেশে ছিলাম, তাই এর সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না। শুধু একটা বিষয় বলতে পারি, সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটি করেনি। অসৎ উদ্দেশ্যে আইনটি করা না হলেও- এই আইনের যারা সাবজেক্ট তাদের কাছে মনে হতে পারে তারা বিড়ম্বনা বা হয়রানির শিকার হতে পারেন। আমরা স্বীকার করি- এ রকম সম্ভাবনা এই আইনের মধ্যে থাকতে পারে। এটি মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন, আমরা শুধু গেজেট নোটিফিকেশন করেছি।
আসিফ নজরুল বলেন, আমরা বিকেল ৪টার দিকে প্রথম মিটিংয়ে বসব। সরকারি কর্মচারী ভাইয়েরা যে দাবিগুলো দিয়েছিলেন, সে কাগজগুলো আমার কাছে আছে। সেগুলো আমরা কীভাবে বিবেচনা করব, কী বিবেচনা করব- সেগুলো ঠিক করব। ঠিক করার পর যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা রিপোর্ট উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তুলব। আমরা প্রস্তাব দেব, তবে সিদ্ধান্ত নেয়ার মালিক আমরা না।
কমিটি রিপোর্ট দেয়া পর্যন্ত সরকারি কর্মচারীদের আন্দোলন না করারও আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা।