নারায়ণগঞ্জে আকস্মিক পেট্রোলিয়াম ডিপো পরিদর্শনে জ্বালানি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে আকস্মিক পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

গতকাল বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের আদমজী এসও এলাকায় অবস্থিত ডিপোটিতে পৌঁছান তিনি। এ সময় প্রতিমন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জ্বালানি তেল সরবরাহে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানতে চান, জ্বালানি সরবরাহ প্রক্রিয়ায় জনগণ কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন কিনা। সংশ্লিষ্টরা তাদের কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জ্বালানি খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত সবাইকে চোরাই পথে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

প্রতিমন্ত্রী বলেন, চোরাইভাবে জ্বালানি তেল সরবরাহ, ক্রয়-বিক্রয় কিংবা মজুদের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রতিমন্ত্রী হঠাৎ মেঘনা ডিপো পরিদর্শনে আসেন। এ সময় তিনি জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশনা দিয়েছেন।

আরও