সিরাজগঞ্জের সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় মনিরুজ্জামান খান মনি নিহত হয়েছেন। তিনি বেসরকারি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাবেক সিরাজগঞ্জ প্রতিনিধি ছিলেন।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কড্ডার মোড় সংলগ্ন শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান খান মনি সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কের মৃত আব্দুল মজিদের পুত্র। সাংবাদিকতার পাশাপাশি তিনি লেখক, সংস্কৃতিকর্মী, অন্যভূবন কালচারাল স্কুল ও অন্যভূবন মডার্ন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন।
সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তপন ঘোষ জানান, ঢাকায় মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশে লালমনি এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন মনিরুজ্জামান খান। এক পর্যায়ে ওয়াশরুমে যাওয়ার জন্য প্লাটফর্মের অন্যপাশে যান। এরপর প্লাটফর্মে আসার জন্য রেললাইন পার হতেই লালমনি এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রবেশ করলে সেটির ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।