কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাবি, দক্ষিণ এশিয়ায় ১৬তম

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৩৬তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এর অবস্থান ১৬তম।

গতকাল মঙ্গলবার প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ের তথ্য আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত বছরও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

এবারের র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে হংকং বিশ্ববিদ্যালয় ও চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের এ অবস্থান আনন্দ ও গর্বের। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রাখা শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।

তিনি বলেন, শুধু র‍্যাঙ্কিংয়ে অবস্থান ধরে রাখাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য নয়। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করতে কাজ চলছে। এ লক্ষ্যে শিক্ষা ও গবেষণার পরিবেশ সমৃদ্ধ করা, গবেষণায় সুযোগ-সুবিধা বাড়ানো, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বৈশ্বিক মানের দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টিকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষকের সংখ্যা, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

আরও