উন্নয়ন চাইলে সরকারি জায়গা ছাড়তে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সড়কের পাশের সরকারি জায়গা ছেড়ে দেয়ার মানসিকতা থাকতে হবে। একইসঙ্গে ‘আলোকিত লালমনিরহাট’ গড়ে তুলতে মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি।

সোমবার (১১ মে) সন্ধ্যায় লালমনিরহাট পৌরসভার আয়োজনে সড়কবাতির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মো. রাজীব আহমেদ। আরো ছিলেন জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ সংশ্লিষ্টরা।

পৌরসভার প্রকৌশল শাখা শহরের দুটি সড়কের প্রায় ১ হাজার ৭০০ মিটার অংশে ৫৪টি দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন করেছে। এর মধ্যে মিশনমোড় থেকে সার্কিট হাউজ এবং রেলওয়ে স্টেশন ওভারব্রিজের পশ্চিমপ্রান্ত পর্যন্ত অংশ অন্তর্ভুক্ত। ভবিষ্যতে মিশনমোড় থেকে জেলা পরিষদ মোড় পর্যন্ত সড়কটি দুই লেনে উন্নীত করা এবং সেখানে একই ধরনের সড়কবাতি স্থাপনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

তিনি আরো বলেন, শহরকে বাসযোগ্য করতে সড়ক প্রশস্ত করা জরুরি। কিন্তু উন্নয়ন চাইলেও অনেক ক্ষেত্রে সড়কের পাশের জায়গা ছাড়তে অনীহা দেখা যায়, যা প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করে।

এ সময় লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চ আধুনিকায়ন এবং জেলা প্রশাসনের উদ্যোগে একটি দৃষ্টিনন্দন স্মারক স্তম্ভ নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে সন্ধ্যার পর অভিভাবক ছাড়া বাইরে অবস্থান না করার পরামর্শ দেন এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনার কথা জানান।

আরও