সাতক্ষীরার কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের নারায়ণপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাইতখালী গ্রামের আব্দুস সবুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কালিগঞ্জ উপজেলা সদরের নারায়ণপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক পার হচ্ছিলেন আবু রায়হান। এ সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহটি সাতক্ষীরা হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘাতক ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।