ঢাকা-১৭ আসনের কড়াইল ও টিঅ্যান্ডটি এলাকার কয়েকটি ভোট কেন্দ্রে নারীদের তুলনায় পুরুষ ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। আজ বেলা ১১টার পর টিঅ্যান্ডটি বালক উচ্চ বিদ্যালয়, বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও টিঅ্যান্ডটি মহিলা কলেের ভোট কেন্দ্রগুলো ঘুরে এমন চিত্র দেখা যায়।
ভোটের পরিসংখ্যানেও দেখা যাচ্ছে, দিনের প্রথম ভাগে নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটারদের অংশগ্রহণ বেশি।
টিঅ্যান্ডটি বালক উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার ৩ হাজার ৪৭০। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার আজিজুল ইসলাম মামুন বণিক বার্তাকে বলেন, ‘ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত ভোটার, প্রার্থী বা এজেন্টদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৭৭০টি ভোট পড়েছে, যা মোট ভোটের ২২ দশমিক ২ শতাংশ।’
টিঅ্যান্ডটি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে (১ নম্বর কেন্দ্র) ভোটার রয়েছেন ২ হাজার ৬৮৬। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৬ শতাংশ। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. জান্নাতুল বাকি বণিক বার্তাকে বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার অভিযোগ নেই। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি রয়েছে।’
অন্যদিকে, নারী ভোটারদের জন্য নির্ধারিত টিঅ্যান্ডটি মহিলা কলেজ কেন্দ্রের (৮২ নম্বর) প্রিজাইডিং অফিসার আতিকুর রহমান জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত সেখানে প্রায় ১০ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রটিতে মোট ভোটার ৩ হাজার ৮১।
তিনি বলেন, ‘এটি নারী কেন্দ্র হওয়ায় অনেক ভোটার সকালবেলা বাসার কাজ শেষ করে পরে কেন্দ্রে আসেন। ফলে দিনের শুরুতে ভোট কম পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারের উপস্থিতি বাড়ছে।’
দিনের শেষ ভাগে নারী ভোটারদের অংশগ্রহণ আরো বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট কর্মকর্তাদের।