সাবমেরিন ক্যাবলে ত্রুটির কারণে চারদিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় আছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা। এতে চরম বিপাকে পড়েছেন উপজেলার বাসিন্দারা। মোবাইল ফোনে চার্জ দেয়াসহ জরুরি সেবা পরিচালনার জন্য জেনারেটর ব্যবহার করা ছাড়া উপায় মিলছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় রাতে বিপাকে পড়তে হচ্ছে রোগীদের।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীর তলদেশে থাকা সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে কোনো জাহাজ সেখানে নোঙর ফেলায় এমনটা হয়েছে।
তিনি আরো বলেন, সাবমেরিন ক্যাবলে ত্রুটির কারণে পাওয়ার হাউজ বিদ্যুৎহীন হয়ে পড়ায় মেহেন্দিগঞ্জের ১৬টি ইউনিয়নের মধ্যে ১০টিতে গত ২৬ আগস্ট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এরই মধ্যে ডুবুরিদের সহায়তায় সাবমেরিন ক্যাবলের ত্রুটিস্থল শনাক্ত করা হয়েছে। ত্রুটি মেরামতে কাজ করছে কর্তৃপক্ষ। মেরামত করা সম্ভব না হলে নতুন তার প্রতিস্থাপন করা হবে। সেক্ষেত্রে মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ আসতে আরো ৩-৪ দিন সময় লাগতে পারে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলায় ২০০৪ সালে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শুরু করে পল্লী বিদ্যুৎ সমিতি। সংযোগটি মুলাদী হয়ে মেহেন্দিগঞ্জের দরিচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীর তলদেশ দিয়ে আনা হয়।
এ ব্যাপারে মেহেন্দিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রিয়াজুর রহমান জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে সংযোগটি দেয়া যাবে।