রাজশাহীর চারঘাট উপজেলার রামচন্দ্রপুর গোরস্থান এলাকায় বিরাজ আলী (৪৭) নামের বিএনপির এক নেতাকে চাঁপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
বিরাজ নিমপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বশীল। তিনি রামচন্দ্রপুর গ্রামের মৃত আমীর মোল্লার ছেলে। আসন্ন নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদের কর্মী হিসেবে কাজ করছেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিরাজের পরিবার ও স্থানীয় বলছেন, গরুর ঘাস কেটে বাড়িতে ফেরার সময় কালুহাটি-আড়ানী সড়কে হেলমেট পরিহিত এক ব্যক্তি বিরাজের উপরে চাপাতি দিয়ে হামলা করে। তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় হামলাকারী।
বিরাজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
বিরাজের বড় ভাই আব্দুল মজিদ বলেন, বিরাজ ঘাস কেটে ফেরার সময় এক ব্যক্তি এসে কুপিয়েছে। স্থানীয়রা তাড়া করে অপরাধীকে ধরতে পারেনি। হামলাকারীর মোটরসাইকেলের নাম্বার প্লেটও কাপড় দিয়ে ঢাকা ছিল। স্থানীয় কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের সঙ্গে বিরাজের দ্বন্দ্ব ছিল না।
চারঘাট উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন বলেন, বিরাজ কৃষক দলের নেতা। স্থানীয় কোনো ব্যক্তি কিংবা অন্য রাজনৈতিক দলের সঙ্গে দ্বন্দ্বের কথা কখনো শুনিনি।