গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ধাক্কায় সুজন শেখ (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন শেখ শ্রীপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের সিরাজ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুজন মোটরসাইকেল নিয়ে ভাওয়ালবদর আলম সরকারি কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা পার হওয়ার পর উল্টো পথে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।