রাজশাহী মেডিকেল কলেজে হামে আরো এক শিশুর মৃত্যু, ভর্তি ১৩২

চিকিৎসকরা জানিয়েছেন, গত কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবার হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যা বেড়েছে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত সন্দেহে মোট ১৩২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মিডিয়া মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক শঙ্কর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে ২০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ শিশু। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৩৪০ শিশু চিকিৎসা নিয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, গত কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবার হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। রোগীর চাপ আরো বাড়লে একটি নির্দিষ্ট শিশু ওয়ার্ডকে পুরোপুরি হাম আইসোলেশন ইউনিটে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। এছাড়া স্বাস্থ্য সচিবের নির্দেশনা অনুযায়ী, নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে থাকা শিশুদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে।

হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে বেড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১৮টি করা হয়েছে। এর মধ্যে ১২টি বেড হাম আক্রান্ত শিশুদের জন্য এবং বাকি ৬টি বেড অন্যান্য সাধারণ শিশু রোগীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া রামেক হাসপাতালের ওপর চাপ কমাতে সাময়িকভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের ১০টি বেড ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও