বিশ্ব পানি
দিবস উদযাপন এবং পানি বিষয়ক সমস্যা নিয়ে বাংলাদেশী তরুণদের চিন্তার বিস্তার ঘটাতে তিন
মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে হাউজ অব ভলেন্টিয়ার্স ফাউন্ডেশন বাংলাদেশ
(এইচওভিবিডি)।
এবারের
আয়োজনে প্রযুক্তিগত সহযোগী হিসেবে রয়েছে মিয়াকি মিডিয়া লিমিটেড, বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম এবং মিডিয়া সহযোগী হিসেবে আছে বণিক বার্তা।
সর্বজনীন
দ্রাবক পানি এ গ্রহের প্রধান সম্পদগুলোর মধ্যে একটি। পানি ছাড়া জীবনধারণ অসম্ভব
হওয়া সত্ত্বেও বিশুদ্ধ পানির সংকট উদ্বেগ তৈরি করছে সারাবিশ্বে। তাই পানি বিষয়ে
মানুষকে সচেতন করতে প্রতিবারের মত এ বছরও ইউএন-ওয়াটারের আহ্বানে আগামী ২২ মার্চ উদযাপিত হবে বিশ্ব পানি দিবস।
পানির গুরুত্ব তুলে ধরতে দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ত্বরান্বিত পরিবর্তন’।
জনসচেতনতা সৃষ্টি এবং সংকট নিরসনের বিভিন্ন উপায় খুঁজে বের করতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে পানির ব্যবহার, অপচয় এবং দূষণ বিষয়ে সচেতন করার উদ্যোগ নিয়েছে এইচওভিবিডি। এ কর্মসূচির আওতায় আয়োজন করা হবে বিভিন্ন প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয়বস্তুতে মূল উপজীব্য থাকবে পানি।
আয়োজনে জনসচেতনতামূলক
কর্মসূচি,
কুইজ সিরিজ ও প্রদর্শনী ছাড়াও থাকবে চিত্রাঙ্কন ও ফটোগ্রাফি
প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ‘পানি সংরক্ষণ’। ৮-১৬ বছর বয়সী যে কেউ
এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। বিচারকদের নির্বাচিত সেরা দশটি ছবি যাবে প্রদর্শনীতে।
ফটোগ্রাফি
প্রতিযোগিতার প্রতিপাদ্য ‘পানির ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’। এ প্রতিযোগিতায় অংশ
নিতে পারবে ১৬-৩০ বছর বয়সী সবাই। বাছাইকৃত ২০টি ছবি প্রদর্শনীতে পাঠানো হবে।
সকল
প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ও জমাদানের শেষ সময় ৫ই ফেব্রুয়ারি। এসব বিষয়ে বিস্তারিত
তথ্যের জন্য যেতে হবে হাউস অব ভলেন্টিয়ার্স ফাউন্ডেশন বাংলাদেশের ওয়েবসাইট (https://houseofvolunteers.org/) ও ফেসবুক পেজে (https://www.facebook.com/hovbd/)।