শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমীর আনন্দ ভাগাভাগি করে নিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শতবছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাঘর নদীতে এ বাইচ অনুষ্ঠিত হয়। এটি দেখতে নদীর দুই পাড়ে কয়েক হাজার লোকের সমাগম ঘটে। শতবছরেরও বেশি সময় ধরে চলে আসা এ বাইচ প্রতি বছর বিজয়া দশমীর দিনে কোনো ব্যক্তি বা সংগঠনের আয়োজন ছাড়াই অনুষ্ঠিত হয়। এবার বাইচে অংশ নেয় ১৪টি বাচারী নৌকা। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী বলেন, ‘নদী-খাল-বিল বেষ্টিত কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে শতবছর ধরে বিশ্বকর্মা, দুর্গা ও লক্ষ্মী পূজায় বাইচ অনুষ্ঠিত হয়। এ বাইচ কাউকে আয়োজন করতে হয় না, বাইচে কাউকে পুরস্কারও দেয়া হয় না। আগামীতে এটি যাতে টিকে থাকে, সে বিষয়ে আমি সব ব্যবস্থা গ্রহণ করব।’