মৎস্য ও সিফুড খাতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় মৎস্য পদক-২০২৬-এর স্বর্ণপদক পেয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ রেজাউর রহমান। দায়িত্বশীল সোর্সিং, আধুনিক প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন, চাষী সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি সিফুডের সম্ভাবনা সম্প্রসারণে অবদানের জন্য তাকে এ পদক দেয়া হয়।
গত ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধন ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান রেজাউর রহমানের হাতে স্বর্ণপদক তুলে দেন। 'রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যে এবারের জাতীয় মৎস্য পক্ষ পালিত হচ্ছে।
যুক্তরাজ্য ও ইউরোপের সিফুড শিল্পে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন রেজাউর রহমান খুলনাভিত্তিক TOTALFOOD Processing Pvt. Ltd.-এর ব্যবস্থাপনা পরিচালক। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠানটির সিফুড প্রক্রিয়াজাতকরণ কারখানা ২০২৪ সালের আগস্টে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি বাগদা (ব্ল্যাক টাইগার) ও গলদা চিংড়ি এবং দেশীয় সাদা মাছ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন ও আন্তর্জাতিক বাজারজাতকরণে কাজ করছে।
বাংলাদেশি সিফুডের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে প্রতিষ্ঠানটি ট্রেসেবিলিটি, খাদ্য নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ ও দায়িত্বশীল সোর্সিংয়ের ওপর গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি চাষীদের সম্পৃক্ত করে উৎপাদন পর্যায়ে মানোন্নয়ন ও বাজারসংযোগ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সিফুড খাতে মূল্য সংযোজন ও রফতানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।