ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু

রাবিতে বিক্ষোভের পর ভারপ্রাপ্ত প্রক্টরকে মৌখিকভাবে প্রত্যাহার

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ট্রাক চাপায় মাহমুদ হাবিব হিমেল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাত ২টা পর্যন্ত ক্যাম্পাস ও এর বাইরে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ৫টি ট্রাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় মৌখিকভাবে ভারপ্রাপ্ত প্রক্টরকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ট্রাক চাপায় মাহমুদ হাবিব হিমেল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাত ২টা পর্যন্ত ক্যাম্পাস ও এর বাইরে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ৫টি ট্রাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় মৌখিকভাবে ভারপ্রাপ্ত প্রক্টরকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের পাশে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে রাবির তিন শিক্ষার্থীকে চাপা দেয় একটি ট্রাক। এ ঘটনায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব। আহত অপর দুজন বর্তমানে ভর্তি আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক)। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটিকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে ৫ ট্রাকে আগুন ধরিয়ে দেন। রাতভর ক্যাম্পাসে চলে বিক্ষোভ। ঢাকা-রাজশাহী মহাসড়কও অবরোধ করেন শিক্ষার্থীরা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর উপাচার্য ও ভারপ্রাপ্ত প্রক্টরকে বিষয়টি জানান শিক্ষার্থীরা। কিন্তু তাদের সাড়া না পেয়েই শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন বলে দাবি তাদের।

কনিক ও স্মৃতি নামে নিহত মাহমুদ হাবিবের দুই বন্ধু জানান, ট্রাক চাপা দেয়ার পর প্রায় দেড় ঘণ্টা তাদের বন্ধুর দেহ ঘটনাস্থলে পড়ে ছিল। রাবি কর্তৃপক্ষকে জানানো হলেও তারা তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি। ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকেও কয়েকবার ফোন করা হয়। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি।

রাত সোয়া ১০টার দিকে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ঘটনাস্থলে এসে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। কিন্তু শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে। পরে সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলীকে মৌখিকভাবে প্রত্যাহার করার ঘোষণা দেন উপাচার্য। শিক্ষার্থীদের দাবির মুখে এ সিদ্ধান্ত তিনি নেন বলে জানা গেছে।

রাত দুইটার দিকে উপাচার্যের কাছে লিখিতভাবে ৭ দফা দাবি জানিয়ে আজ সকাল পর্যন্ত আন্দোলনের বিরতী দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। দাবিগুলোর ব্যাপারে আজ আবারো তারা উপাচার্যের সঙ্গে কথা বলবেন বলে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পান্ডে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকার একটি চেক নিহত শিক্ষার্থীর মায়ের হাতে উপাচার্য তুলে দেবেন বলেও তিনি জানান।

জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে জানাজার জন্য মাহমুদের মরদেহ প্রথমে চারুকলা অনুষদে নেয়া হয়। সেখানে কিছুক্ষণ রাখার পর সকাল সোয়া ১০টার দিকে জানাজার জন্য তার মরদেহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, জানাজা শেষে মাহমুদের মরদেহ তার মামার বাড়ি নাটোরের কাপুড়িয়াপট্টিতে নেয়া হবে।

আরও