চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি ভবনের গেটে গুলি চালিয়েছে দূর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রুনা টাওয়ার নামের ১১ তলা ভবনের গেটে গুলি চালানো হয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভবনটির মালিক হাজী মোহাম্মদ ইউসুফ। তার দুই ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী।
চাঁদার জন্য হুমকি প্রসঙ্গে মো. ইউসুফ জানান, গতকাল দুপুর ১২টার দিকে তার ছেলে শওকতের হোয়াটসঅ্যাপ নম্বরে চাঁদা চেয়ে ভয়েস বার্তা পাঠানো হয়। এজন্য তাকে এক ঘণ্টা সময়ও বেঁধে দেয়া হয়।
তিনি বলেন, বিদেশে আমার ছেলে-মেয়েরা কোথায় কী করে, তাদের জীবনবৃত্তান্ত এবং কোথায় কোথায় বাড়ি আছে, সবই তাদের জানা। তাদের বড় ভাইয়ের কথামতো ৫০ লাখ টাকা দিতে হবে। না হলে আমাদের মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়।
ভবনের নিরাপত্তাকর্মী মো. আলমগীর বলেন, গতকাল রাতে কিছুক্ষণ বিদ্যুৎ ছিল না। এ সময় প্যান্ট-শার্ট পরা দুই যুবক এসে আমাকে গেট বন্ধ করে ভেতরে থাকতে বলেন। পরে তারা গেট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে চলে যান। গুলির শব্দে স্থানীয়রা জড়ো হয় এবং পরে পুলিশ ঘটনাস্থলে আসে।
সিএমপি’র উপকমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা গুলি ছুড়েছে, তা শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থলের আশপাশের তথ্যও সংগ্রহ করছে।
পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম জানান, হামজারবাগের একটি বাড়িতে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।