গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত রমজান মুন্সী (৩২) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় এ নিয়ে পাঁচজন মারা গেলেন।
এর আগে একই ঘটনায় প্রাণ হারান গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা (৪১) ও সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন (২৪)।
গত বুধবার সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন রমজান মুন্সী। গোপালগঞ্জ সদর উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা তিনি। পেশায় রিকশাচালক ছিলেন।
রমজানের ভাই হীরা মুন্সী জানান, বুধবার সদর এলাকায় একটি সিনেমা হলের কাছে যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়েন রমজান। এ সময় গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে ঢামেকে স্থানান্তর করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জ থেকে আসা গুলিবিদ্ধ রমজান চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।