গাইবান্ধা সদর উপজেলার শিমুলতাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে আবদুল সামাদ মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আবদুল সামাদ মিয়া উপজেলার বোয়ালী ইউনিয়নের সাবুদখালী গ্রামের মৃত আবদুল সালাম মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়, বাদিয়াখালী রেলওয়ে স্টেশন থেকে উত্তরে শিমুলতাড়ী এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন আবদুল সামাদ। খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে থানাধীন গাইবান্ধা রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান বণিক বার্তাকে বলেন, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।