যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে দুই পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইউএস অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেনডান লিঞ্চ।
আলোচনার অগ্রগতি নিয়ে ড. খলিলুর রহমান বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অত্যন্ত ভালো অগ্রগতি অর্জন করেছি। উভয় দেশই এই চুক্তি দ্রুত চূড়ান্ত করতে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে।‘
ড. খলিলুর রহমান জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিটিএডি) সাবেক বাণিজ্য নীতি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।