বগুড়ায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। রোববার রাত ১০টায় বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণেরা হলেন শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়ার ওয়াজেদ সরকারের ছেলে আবিদ হাসান (১৮) ও একই উপজেলার মেঘাখর্দ্দ গ্রামের মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার (১৮)।
বগুড়া হাইওয়ে পুলিশ সুপার শহীদ উল্লাহ জানান, তিনটি মোটরসাইকেলে ছয় তরুণ বেপরোয়া গতিতে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। বাঘোপাড়া খোলারঘর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই তরুণ মহাসড়কে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।