দুবাইয়ে বেনজীরের জামিন কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে বলল সংসদ

স্পিকার বলেন, ‘বেনজীর কীভাবে দুবাইয়ে জামিন পেলেন, তা স্বরাষ্ট্রমন্ত্রীকে “‍যথাশিগগিরই” সংসদকে জানাতে হবে। তাকে বাংলাদেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সে বিষয়েও সংসদ সদস্যদের অবহিত করতে হবে।’

সাবেক আইজিপি বেনজীর আহমেদ কীভাবে দুবাইয়ে জামিন পেলেন—স্বরাষ্ট্রমন্ত্রীকে তা দ্রুত জানাতে বলেছে জাতীয় সংসদ। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে তাও জানাতে বলা হয়েছে।

গতকাল সংসদে বেনজীরকে নিয়ে আলোচনার শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ প্রস্তাব ভোটে দেন। কণ্ঠভোটে তা গৃহীত হয়। স্পিকার বলেন, ‘বেনজীর কীভাবে দুবাইয়ে জামিন পেলেন, তা স্বরাষ্ট্রমন্ত্রীকে “‍যথাশিগগিরই” সংসদকে জানাতে হবে। তাকে বাংলাদেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সে বিষয়েও সংসদ সদস্যদের অবহিত করতে হবে।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‌বেনজীরকে ফেরাতে বাংলাদেশ নির্ধারিত ৩০ দিনের সময়সীমার অপেক্ষা না করে গ্রেফতারের চারদিনের মাথায় সংযুক্ত আরব আমিরাতকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে। বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি নেই।’ তাই দেশটির অভ্যন্তরীণ আইন ও পারস্পরিক সহযোগিতার নীতিতে প্রক্রিয়াটি চলছে বলে জানান তিনি।

তার আগে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে ঢাকা-১৪ আসনের জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম বেনজীরের বিষয়ে একটি সাধারণ প্রস্তাব আনেন। তিনি বলেন, বেনজীর র‍্যাবের মহাপরিচালক থাকার সময় তিনি নিজে গুমের শিকার হন। তার বিরুদ্ধে গুম, মানবতাবিরোধী অপরাধ, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ তুলে তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে জবাব চান তিনি।

আরও