আজ ঢাকা টু রংপুর লংমার্চ

বাধা না দেয়ার আহ্বান জামায়াতের

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের লালদীঘি অভিমুখে লংমার্চে জনগণ, প্রশাসন, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী, যানবাহনসহ বিভিন্ন মহলের সহযোগিতা পাওয়া গেছে। বিশেষ করে গণমাধ্যমের কর্মীরা কষ্ট করে কর্মসূচির সংবাদ কাভার করেছেন।’ এজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের ঘোষিত আজকের ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সরকার, প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দল ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা সৃষ্টি করা না হয়। আর কোনো উসকানিতে পা না দিয়ে চরম ধৈর্য ও সংযমের সঙ্গে আমরা লং মার্চ সফল করব।’

গতকাল রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ঢাকা-রংপুর লংমার্চের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের লালদীঘি অভিমুখে লংমার্চে জনগণ, প্রশাসন, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী, যানবাহনসহ বিভিন্ন মহলের সহযোগিতা পাওয়া গেছে। বিশেষ করে গণমাধ্যমের কর্মীরা কষ্ট করে কর্মসূচির সংবাদ কাভার করেছেন।’ এজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘ঢাকা থেকে রংপুর পর্যন্ত লংমার্চ সফল করতে গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার রাতে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধাসহ বিভিন্ন এলাকার নেতাদের সঙ্গে অনলাইন বৈঠক করা হয়েছে। সেখানে পাওয়া তথ্যানুযায়ী, পথসভা ও জনসভাগুলো সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।’

জামায়াতের এ নেতা জানান, লংমার্চে আগে ঘোষিত দাবিগুলোর সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত করা হয়েছে। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের এ দাবির বিষয়ে সরকারকে দ্রুত কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। লংমার্চে প্রায় সহস্রাধিক যানবাহন যুক্ত হবে। বহরে ১১ দলের নেতাকর্মীদের পৃথকভাবে সাজানো হয়েছে এবং বিভিন্ন গ্রুপের জন্য দায়িত্বশীল লোক নির্ধারণ করা হয়েছে। শৃঙ্খলা, নিরাপত্তা, অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, আইটি, সাংস্কৃতিক ও মিডিয়াসহ বিভিন্ন টিম দায়িত্ব পালন করবে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রেজাউল করিম, মিডিয়া বিভাগের সদস্য জাহিদুর রহমান, মহানগর উত্তরের মিডিয়া বিভাগের সভাপতি মো. আতাউর রহমান সরকার এবং ঢাকা মহানগর উত্তরের ইয়াসিন আরাফাত উপস্থিত ছিলেন।

আরও