ময়মনসিংহের ত্রিশালে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় ইমাম হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর বড় পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমাম হোসেন ত্রিশাল সদর ইউনিয়নের ছলিমপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
ত্রিশাল থানা ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ইমাম হোসেন মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, ইমাম হোসেনকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।