কুমিল্লায় আবারো কিশোর গ্যাং-বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। গত শনিবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত জেলার ১৮ থানায় একযোগে পরিচালিত এ অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে কুমিল্লার আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর সক্রিয় চার সদস্য রয়েছে। পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে আনিসুর রহমান ওরফে আনিক (২০) নামে একজন রয়েছেন। তিনি ওই গ্যাংয়ের সেকেন্ড ইন কমান্ড।
গতকাল সকালে কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামান অভিযান ও আটকের বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনসহ জেলার ১৮টি উপজেলায় এ অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ২৫৪ জনের মধ্যে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ মিলবে না, তাদের ছেড়ে দেয়া হবে।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বণিক বার্তাকে বলেন, সিটি করপোরেশন এলাকায় রাতভর অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজন কিশোর গ্যাংয়ের সঙ্গে সরাসরি জড়িত। চারজনই রতন গ্রুপের সক্রিয় সদস্য। আটক চারজনের একজন আনিসুর রহমান ওরফে আনিক। তিনি নগরের ছোটরা মফিজাবাদ কলোনির আবুল কাশের ছেলে।
পুলিশের ভাষ্য, আনিক রতন গ্রুপের প্রধান ইমরান হোসেন ওরফে রতনের ভাগনে। রতন বর্তমানে আত্মগোপনে থাকায় আনিকই গ্রুপটির কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন।
এর আগে গত বুধবার রাতেও একইভাবে ১৮ থানায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৬২৪ জন সন্দেহভাজন কিশোরকে আটক করেছিল পুলিশ। সে সময় ৪৫১ জন কিশোরকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। বাকি ১৭৩ জনকে মাদক, নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।